থাইল্যান্ডে জাহাজডুবিতে নিখোঁজ গৌরনদী উপজেলার বোরাদী গরংগল গ্রামের নাসিরের বাড়িতে ঈদের আনন্দ ছিল না। নাসিরের অবুঝ শিশু ফাহিম (১০) ও শিহাবের (৮) জন্য তার চাচা ও মামারা ঈদের নতুন পোশাক কিনে দিলেও তাদের মুখে হাসি নেই। ঈদের দিন সকালে তার মা টুলু বেগমের কান্না দেখে তারাও মায়ের সাথে কেঁদেছে। বাবার সাথে ঈদ করবে এ আশায় বুক বেঁধেছিল তারা। কিন্তু তাদের সে আশা পূরণ হলো না। তাদের বাবা আর ফিরে আসবে না কোনদিন।
বরিশালের গৌরনদী উপজেলার বোরাদী গরংগল গ্রামের মৃত আব্দুর রশিদ খলিফার পুত্র নাসির উদ্দিন গত ৪ জুলাই থাইল্যান্ডের ফুকেট উপকূলের অদূরে এমভি হোপ নামের জাহাজডুবির ঘটনায় নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তার ফেরার অপেক্ষায় ছিলেন। নাসির উদ্দিনের বড় ভাই ফারুক খলিফা জানান, গত ১২ বছর পূর্বে চিফ ক্রু (বাবুর্চি) হিসেবে চাকরি নিয়েছিল নাসির। ১০ জুলাই ছুটিতে তার বাড়ি আসার কথা ছিল। তার স্ত্রী টুলু বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, পরিবারের সবার সঙ্গে ঈদ করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তার স্বামী নাসির। জাহাজ দুর্ঘটনার সময় নাসির ফোনে তাদের সবার কাছে দোয়াও চেয়েছিলন। নাসিরের চাচাতো ভাই ও সরকারি গৌরনদী কলেজের ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল জানান, এমভি হোপ নামের জাহাজটি ডুবে যাওয়ার পর থাই নৌবাহিনী জাহাজটির দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেনসহ নয় নাবিককে জীবিত ও দুইজনকে মৃত উদ্ধার করেছে। ওই দুর্ঘটনাকবলিত জাহাজের চিফ ক্রু (বাবুর্চি) নাসির উদ্দিনের সন্ধান মেলেনি।
নাসিরের পরিবারের অভিযোগ, জাহাজ মালিকের পক্ষ থেকে এখনো তাদের সাথে কেউ যোগাযোগ পর্যন্ত করেননি।
