কটিয়াদীতে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভাংচুর

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৫১
কটিয়াদী উপজেলার প্রত্যন্ত কুঁড়েরপর গ্রামে মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষা ফাউন্ডেশন নির্মিত ‘মরুদ্বীপে’ ঈদের দিন দুই দফায় হামলা হয়েছে। ওই হামলায় মরুদ্বীপে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালসহ নামফলক ভাংচুর এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অন্যান্য ভাস্কর্য ভাংচুরের চেষ্টা করা হয়। তাছাড়াও বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করে তাতে গোবর লেপন করা হয়। আকস্মিক হামলায় দর্শনার্থীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫/২০ জন লোক লাঠি-সোটা নিয়ে আকস্মিক এই হামলায় অংশগ্রহণ করে। গভীর রাতে দ্বিতীয় দফায় একই কায়দায় আবারও হামলা হয়। স্থানীয়রা জানান, এই স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন ভাস্কর্য নির্মাণের পর থেকে একটি মৌলবাদী গোষ্ঠী এর বিরোধিতা শুরু করে। প্রথম দফায় সংঘটিত ঘটনার খবর পেয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ গুল নিঝুম ও ওসি এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনায় জড়িত সন্দেহে কাইয়ুম ও মাসুম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. আসাদউল্লাহ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনার সঙ্গে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।