জনবল সংকটে কেন্দুয়া ও আটপাড়া হাসপাতালে চিকিত্সাসেবা ব্যাহত

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৫২
প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থাকলেও জেলার কেন্দুয়া ও আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স, টেকনেশিয়ান ও কর্মচারী অধিকাংশ পদ শূন্য ও ওষুধ না থাকায় রোগীরা চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ২ হাসপাতালে ২৪ জন চিকিত্সকের আছেন মাত্র ৫ জন। ১৪ জন নার্সের রয়েছেন মাত্র ৩ জন। নেত্রকোনার দি এশিয়া ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি ‘দেশ’ প্রকল্পের আওতায় পাবলিক পলিসি ফোরামের সদস্যবৃন্দ পরিদর্শনে এসে বলেন, হাসপাতাল দুটিতে ডাক্তার ও নার্স ও কর্মকর্তা-কর্মচারী ও টেকনেশিয়ানদের অনেকগুলো পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। হাসপাতালের এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, অ্যাম্বুলেন্স, জেনারেটর নষ্ট। হাসপাতালে আজও অপারেশন থিয়েটার চালু হয়নি। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে কোন ওষুধ পাওয়া যায় না। হাসপাতালের খাবারের মান খুব খারাপ। ভবনের দেয়ালে ও মেঝেতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। হাসপাতালের ৩০টি ফ্যানের মধ্যে ১৪টি ফ্যান নষ্ট। আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সম্প্রসারিত ভবনে কার্যক্রম চালু করা হয়নি। দীর্ঘদিন কক্ষগুলো বন্ধ থাকায় সরবরাহকৃত যন্ত্রপাতিগুলো অযত্নে সেগুলো নষ্ট হচ্ছে। এ হাসপাতালেও সিজারের কোন ব্যবস্থা নেই। সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহমেদ স্বপন বলেন, চিকিত্সক সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র মারফত জানানো হয়েছে।