রাজশাহীতে টুরিজম কোম্পানি লাপাত্তা

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৫২
রাজশাহীতে চাকরি দেয়ার নামে ইউনিক টেকনোলজি অ্যান্ড টুরিজম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান হাজার হাজার মানুষের বেতন ও জামানতের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা। জানা যায়, গত সোমবার থেকে নগরীর উপশহর এলাকায় প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলছে। গত সোমবার সেখানে কর্মরত সংস্থার সাতজন কর্মকর্তা-কর্মচারীর বেতন দেয়ার কথা ছিল। কিন্তু কর্মকর্তারা অফিসে গিয়ে দেখেন প্রধান গেটে তালা লাগিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়েছেন। ওই প্রতিষ্ঠানের তথ্য অফিসার সালমা বলেন, গত জুন মাসে ইউনিক টেকনোলজি অ্যান্ড টুরিজম উপশহর এলাকায় অফিস খোলে। পরে সেখানে নিয়োগ দেয়া শুরু হয়। গত ১ জুনে তিনি তথ্য অফিসার পদে যোগদান করেন। যোগদানের সময় জামানত হিসেবে তার কাছ থেকে ৬ হাজার টাকা নেয়া হয়। এদিকে অফিসের ম্যানেজার পদে নিয়োগপ্রাপ্ত তানভিরের কাছ থেকে জামানত হিসেবে নেয়া হয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া পার্সোনাল পিএ সীমা পারভিন, রিসিপশনিস্ট নাজমা পারভিন, পিয়ন ইব্রাহিম ও আয়া রুবিনা পারভিনের কাছ থেকেও জামানত নেয়া হয়। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ যাচাই-বাছাইয়ের পর অভিযুক্ত মেহেদী হাসানকে আটকের চেষ্টা চলছে।