নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি (১৯) ও কুপিয়ে মারাত্মক জখম করেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নে ঐ ছাত্রী মামার বাড়িতে শিশুকাল থেকে বসবাস করছে। শনিবার ছাত্রীর মামা তাঁর মামীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে কতিপয় দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে ধর্ষণ ও কুপিয়ে রক্ত অবস্থায় ফেলে যায়। সকালে ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ মো. সুমনকে (২৫) গ্রেফতার করেছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সেনবাগ থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন বলেন, মেয়েটিকে যেভাবে মাথায় কুপিয়েছে, তা নজিরবিহীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
