পিরোজপুরের কাউখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন: জিদ্দি (১৭), সোহাগ বেপারি (২৫), আশরাফুল (২৩), রিয়েল (১৭), তারিকুল (১৮)। তাদের মধ্যে সোহাগ ও আশাফুলকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং জিদ্দিকে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। রবিবার রাত সাড়ে ৮টায় সরকারি বালক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দলীয় কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের কর্মীরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর পেয়ে দু’গ্রুপের কর্মীরা বন্দরের বিভিন্ন স্থানে মহড়া শুরু করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। সোমবার সকাল থেকে বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
