বড়াইগ্রামে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে আহত ৫

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৭
জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির মহুয়া নূর বাবু গ্রুপ। সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বনপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী ও স্থানীয়রা জানান, বিএনপির বহিষ্কৃত উপজেলা সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ একরামুল আলম তার সমর্থকদের নিয়ে ঈদের আগের দিন ইফতার মাহফিল করেন। জেলা বিএনপির সদস্য মহুয়া নূর বাবু গ্রুপের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার খলিফার ছেলে সাইদুল ইসলাম এ ইফতার মাহফিলে যোগ দিতে স্থানীয় বিএনপি কর্মীদের বাধা দেন। এরপর গতকাল দুপুর ১২টার দিকে সাইদুল তার কয়েক বন্ধুসহ বনপাড়া বাজারে আসলে অধ্যক্ষ গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামাল মাসুদ লিটন, মত্স্যজীবী দলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার খলিফার ছেলে সাইদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে বনপাড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ আকরাম গ্রুপ ও বাজারে মহুয়া নূর বাবু গ্রুপ অবস্থান নেয়। এছাড়া নাটোরের সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মাহফুজুর রহমান ও বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।