অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার নাথান ব্র্যাকেন সোমবার জানিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ব্র্যাকেন ছাড়াও এক সময়ের এ-লীগ ফুটবল কোচ লরি ম্যাককিনাও নির্বাচনে অংশ নিচ্ছেন। নিউ সাউথ ওয়ালসে সিডনির ডোবেল আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীর্ঘ দেহী সাবেক পেসার ব্র্যাকেন। এ আসনের বর্তমান সাংসদ লেবার পার্টির ক্রেইগ থমসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ৫ টেস্ট ও ১১৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্র্যাকেন সোমবার তার টুইটারে লিখেছেন, ‘সাধারণ নির্বাচনে ডোবেল আসনের জন্য একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি লড়াই করব। আর ম্যাককিনা রবার্টসন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন।’ নিউ সউিথ ওয়ালসে গসফর্ডের স্থানীয় মেয়র ম্যাককিনা একজন সাবেক ফুটবলার। অস্ট্রেলিয়ার এ-লীগের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এবং চীনের কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
