হাসপাতাল ছাড়লেই খালেদা জিয়াকে কেরানীগঞ্জ নেওয়া হবে ---------------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:৪১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, তিনি রোজা রাখছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়  (বিএসএমএমইউ) থেকে তাকে ছেড়ে দিলে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরাতন জেলখানায় যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে, সেই ভবনটি সংস্কার করা হবে। কেরানীগঞ্জ কারাগারে মহিলা বন্দিদের রাখার ওয়ার্ডটি প্রস্তুত ছিল না। সে কারণেই তাকে এতদিন পুরাতন জেলখানায় রাখা হয়েছে। কেরানীগঞ্জের মহিলা কারাগার এখন প্রস্তুত। কাজেই তাকে এখন সেখানে রাখা যাবে। খালেদা জিয়ার জীবন বিপন্ন করতে তাকে কেরানীগঞ্জ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে— বিএনপির এ অভিযোগ খণ্ডন করে মন্ত্রী বলেন, এ কথা মোটেও সত্য নয়। জেল কোড অনুযায়ী যত সুযোগ সুবিধা পাওয়ার এখতিয়ার আছে, কেরানীগঞ্জ কারাগারে সে ধরনের সব সুবিধা পাবেন খালেদা জিয়া। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানকে দেশের ফিরিয়ে আনার সব রকমের চেষ্টাই সরকার করছে। সময় মতো একটি সুসংবাদ পেলেও পেতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন দেশে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের সংখ্যা মহামারী আকারে বেড়ে গেছে। আপনি কী মনে করেন দ্রুত শাস্তি না হওয়ায় মানুষ এ ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা পৃথিবীর জরিপ দেখেন। সে হিসেবে আমাদের দেশের ঘটনাকে মহামারী মনে হবে না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে নবনির্বাচিত বিজিএমইএ প্রেসিডেন্ট ও পরিচালকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগে অনেকে বেতন দিতে পারে না। প্রতিবছরই সমস্যা হয়, বিজিএমইএ সমাধান করে, এগুলো নিয়ে তারা আগামী ১৯ তারিখে আমাদের সঙ্গে কথা বলবে।