শেখ রেহানা বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় সম্পর্কে বলেছেন, জয়ের সামপ্রতিক কার্যাবলী ভীমরুলের চাকে আঘাত মত। বিরোধী দলের নেতা-কর্মীদের প্রতিক্রিয়া দেখে তেমনই মনে হয়। শেখ রেহানা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি। এদেশের মানুষ রাজনীতিতে তার উত্তরাধিকার দেখতে চায়। এটাতো আমাদের কোন অপরাধ নয়। তিনি বলেন, জয় যদি রাজনীতিতে আসে, তাহলে রাজনীতির প্রতি মেধাবী তরুণদের আগ্রহ বাড়বে। মেধাবী তরুণদের রাজনীতিমুখী করতে জয়ের মতো তরুণরা রোল মডেলের ভূমিকা রাখতে পারে। এটা আমাদের উত্সাহিত করা উচিত।
পত্রিকান্তরে প্রকাশিত এক সাক্ষাত্কারে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বলেন, জয়ের বয়স এখন ৪২, ভাল-মন্দ বোঝার বয়স হয়েছে তার। সে তার মাকে সাহায্য করতে এখন বাংলাদেশে রয়েছে। দুই-একটি সভায় সে বক্তব্য রেখেছে। এতেই এতো তোলপাড়। তাহলে জয় রাজনীতিতে আরো বেশি সম্পৃক্ত হলে বিরোধীদের কি অবস্থায় নিয়ে যাবে?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ রেহানা সক্রিয় রাজনীতিতে আসতে চান না। তবে ভবিষ্যতে কি করবেন তা পরিস্থিতিই বাতলে দেবে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে তার মানসিক প্রস্তুতি আছে। অবশ্য আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বঞ্চিত করে নিজে কোন পদ চান না বলে জানান তিনি। শেখ রেহানা সমপ্রতি লন্ডনে একটি বেসরকারি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাত্কারে এমন মনোভাবের কথা জানান।
রাজনীতিতে আসছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে শেখ রেহানা বলেন, রাজনীতির কারণেই বাবা-মাকে হারিয়েছি, পুরো পরিবার হারিয়েছি। আমার সঙ্গে বেঁচে থাকা একমাত্র বোন শেখ হাসিনা সক্রিয় রাজনীতিতে আছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সুতরাং আমি তো রাজনীতির বাইরে নই। তিনি বলেন, আপাতত আমি যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। মানুষের সম্মান পাই বা গালি খাই, তাতে অসুবিধা নেই। আমি এভাবেই থাকতে চাই।
শেখ রেহানা বলেন, দলের জন্য ত্যাগ তিতিক্ষার পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদের বঞ্চিত করে আমি কোন পদ পদবী গ্রহণ করব এটা হতেই পারে না। আমি বঙ্গবন্ধুর মেয়ে। আমি এটা পারি না। সাধ্য অনুযায়ী আমি শুধু দেশের মানুষকে সাহায্য করে যেতে চাই। তিনি বলেন, ক্ষমতার চেয়ার অনেক সময় অনেক মানুষকে বদলে দেয়। আমি এ বিষয়ে সম্পূর্ণ সচেতন। আমি বদলাতে চাই না। কোন ক্ষমতাই বঙ্গবন্ধুর সন্তানদের বদলাতে পারে না।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকেই এ অপপ্রচার চলছে। তা এখনো অব্যাহত রয়েছে। ইদানীং এর মাত্রা বেড়েছে। এব্যাপারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
