ছাত্রলীগের মারামারিকে সামান্য বললেন হানিফ

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:৪৪

আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর কেন্দ্রীয় সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাগিদ দেওয়া হয়েছে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজানোর। গতকাল মঙ্গলবার দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথসভায় এ নির্দেশ দেওয়া হয়। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ কথা জানান।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, আমরা আশা করছি আওয়ামী লীগকে তৃণমূল পর্যায় পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে ঢেলে সাজিয়ে জাতীয় কাউন্সিল করতে পারবো। আগামী অক্টোবরে যথাসময়েই আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি আমাদের যেসব সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের কেন্দ্রীয় কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সেসব সংগঠনকেও কেন্দ্রীয় সম্মেলন করার জন্য সভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার রেশ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যা ঘটেছে, তা একটি ‘ছোট সাধারণ ঘটনা’। সামান্য এই বিষয়টি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। আমরা আশা করি, সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এটা ঠিক করতে পারবেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করবেন।

হানিফ বলেন, আগামী ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দলের ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর ধারাবাহিকভাবে আলোচনা সভার আয়োজন করবে।