চল্লিশ বছর পর জঙ্গলে পিতা পুত্রের সন্ধান

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৭
ভিয়েতনাম যুদ্ধের সময় পালানোর ৪০ বছর পর জঙ্গলে পাওয়া গেল পিতা-পুত্রকে। ১৯৭১ সাল থেকে তারা জঙ্গলে বাস করছেন। কাঠুরেরা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তাদের খুঁজে পায়। খবর স্কাই নিউজের। ১৯৭১ সালে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় হো ভান থানহ তার স্ত্রী এবং দুই সন্তানকে হারান। এরপর তিনি তার দুই বছর বয়সী সন্তান হো ভান ল্যাঙকে নিয়ে জঙ্গলে পালিয়ে যান যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচার জন্য। তারা ফলমুল সংগ্রহ করে জীবনধারণ এবং একটি গাছে বাসা তৈরি করে বাস করতেন। হো ভান থানহ তার নিজস্ব ভাষায় কিছুটা কথা বলতে পারলেও সন্তান দুই একটি শব্দ বলতে পারে। কাঠুরেরা কুয়াং জাই প্রদেশের তে তেরা জেলার কর্তৃপক্ষকে জানানোর পর তাদের খোঁজে একটি দল গঠন করা হয়। এই দল তাদের খুঁজে পায় এবং গ্রামে আনার চেষ্টা করে। কিন্তু হো ভান থানহ গ্রামে ফিরতে আপত্তি জানায়। স্থানীয় হাসপাতালে তাদের চিকিত্সা দেয়া হচ্ছে এবং সমাজে খাপ খাওয়ানোর বিষয়টি ভাবছেন মনো চিকিত্সকরা।