নোয়াখালীর বেগমগঞ্জের রমনির হাটে রবিবার রাতে সন্ত্রাসী হামলা পাল্টা হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে যুবলীগের স্থানীয় নেতা রুবেল (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা আটটার দিকে রমনির হাটে বাজার কমিটির সদস্য আমির হোসেনের দোকানে বসে কয়েকজনকে নিয়ে আলোচনা করছিলেন স্থানীয় যুবলীগ ওয়ার্ড কমিটির সেক্রেটারি রুবেল। এ সময় মুখোশ পরিহিত ১০/১২ জন ব্যক্তি তিন দিক থেকে এসে কয়েকটি বোমা ফাটায়। পরে দোকান লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে ও দা দিয়ে কোপাতে থাকে। এ সময় বাজারের মানুষ ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। রুবেলের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। দায়ের কোপে ও লোহার রডের আঘাতে দোকানের মালিক আমির হোসেনসহ ৪ জন আহত হন। গুরুতর অবস্থায় আমির হোসেন ও রুবেলকে বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করার পর তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলাকারীরা বিএনপি দলীয় বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে।
ঘটনার কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে নাহিদ ও বলি নামে দুই বিএনপি কর্মীকে মারধর করে এবং রমনির হাটে বিএনপি সমর্থিত বাকের, সাজু, বাহার ও নিপুর দোকান ভাংচুর করে। এ ঘটনার পর রাত ১২টার দিকে বিএনপি কর্মীরা মোশাকপুরে বেশ কয়েকটি বোমা ফাটায়।
এ ব্যাপারে গুলিবিদ্ধ যুবলীগ নেতা রুবেলের পিতা শহীদ উল্যা বাদী হয়ে বিএনপি ক্যাডার আলাউদ্দিন, আশিক, ফারুকসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪০/৫০ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে এলাকায় তল্লাশি চালিয়ে বিএনপি সমর্থিত সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়।
