শিবিরের হামলায় আহত ছাত্রলীগ নেতা তন্ময় আশংকামুক্ত

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৮
শিবির ক্যাডারদের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ব্লগার তন্ময় আহমেদ মুন অস্ত্রোপচার শেষে আশংকামুক্ত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪নং ওয়ার্ডে নিউরো সার্জারি বিভাগের ডাঃ আবু তালেবের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। দীর্ঘসময় সজ্ঞাহীন থাকার পর তার জ্ঞান ফিরেছে। চিকিত্সকরা জানিয়েছেন এখন তিনি সম্পূর্ণ আশংকামুক্ত। এদিকে ব্লগার তন্ময়ের উপর শিবির ক্যাডারদের হামলার ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের মোটর সাইকেল মেকানিক মানিক মিয়ার পুত্র তন্ময় আহমেদ মুন গত ৬ আগস্ট পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি আসেন। ঈদের পরদিন শনিবার রাতে তন্ময় শিমুলতলায় বন্ধুদের সাথে আড্ডা দেয়ার পর তার ৩ বন্ধুকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ঈদগাহ মাঠের পাশে এলে ৩টি মোটর সাইকেলযোগ একদল মুখোশধারী সন্ত্রাসী তাদের গতিরোধ করে এবং তন্ময়কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে তার সাথে থাকা বন্ধুরা পালিয়ে যায়। তন্ময়ের মা ও বোনের অভিযোগ, ব্লগে লেখালেখি এবং ছাত্রলীগ করার কারণেই স্থানীয় শিবির ক্যাডাররাই তার ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।