বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের অর্ধশত নেতাকর্মী আটক

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৮
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। দুইদিনের হরতালের সমর্থনে তারা মিছিল-সমাবেশ ও ভাংচুরের চেষ্টা চালালেও পুলিশের বাধায় তা পন্ড হয়ে গেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: চট্টগ্রাম :চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পোল এলাকায় গতকাল হরতালের সমর্থনে ছাত্রশিবির ঝটিকা মিছিল বের করে। মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিভিন্ন অলি-গলি দিয়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে শিবির সন্দেহে ৫ জনকে আটক করে। মিঠাপুকুর (রংপুর) :উপজেলার বিভিন্ন স্থান থেকে ২২ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বলদীপুকুর এলাকায় পিকআপ ভ্যানে যাওয়ার সময় সোমবার তাদের গ্রেফতার করা হয়। বিশ্বনাথ (সিলেট) :সিলেটের বিশ্বনাথে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে বিশ্বনাথবাজার থেকে উপজেলার বিশঘর গ্রামের মৃতঃ শাহ আব্দুল মান্নানের ছেলে আবু বক্কর সিদ্দিক টিপু (২৭) ও বিশ্বনাথেরগাঁঁও গ্রামের মৃত মুস্তাব আলীর ছেলে আব্দুস সালামকে (২৮) তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ আটক করেছে। নারায়ণগঞ্জ : হরতালের সমর্থনে গতকাল নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। বিকাল ৩টায় নারায়ণগঞ্জ হাইস্কুলের সামনে থেকে মহানগর ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে মিছিল বের হয়ে ডিগুবাবুর বাজারের সামনে গিয়ে শেষ হয়। নাঙ্গলকোট (কুমিল্লা) :উপজেলার আদ্রা গ্রামে ঈদ পুনর্মিলনী সমাবেশকে কেন্দ্র করে পুলিশ-শিবিরের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় রবিবার রাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন আদ্রা গ্রামের আবদুর রশিদ (৫৫), আবদুর রাজ্জাক (২০) ও হাপেজ আবদুল কুদ্দুস (৩০)। লোহাগাড়া (চট্টগ্রাম) :উপজেলায় পদুয়া বাজারস্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গতকাল জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা ৫/৬টি যানবাহন ভাংচুর করে এবং ৭/৮টি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দিনাজপুর: নড়াইল জেলা থেকে হরতালে পিকেটিং করতে দিনাজপুরে এসে পুলিশের হাতে ধরা পড়েছে শিবির কর্মী রেজোয়ান (১৮)। এছাড়া দ্রুত বিচার মামলার পলাতক আসামি অপর শিবির কর্মী জীবনকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সকালে তাদের গ্রেফতার করা হয়। গফরগাঁও :ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার গভীর রাতে পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের সামনে মিছিলকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়।