জেলার বাউফলের রাজনগর গ্রামে মনির (৩৬) নামে এক যুবক হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারসহ ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পটুয়াখালীর চিফ জুডিশিয়াল বিচারিক আদালতে গতকাল সোমবার এ মামলা দায়ের করা হয়। আদালত বাউফল থানার ওসিকে তদন্ত পূর্বক মামলা নেয়ার আদেশ দেয়। নিহত মনিরের শ্যালক জাকির হোসেন বাদি হয়ে এ মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, বগা বন্দরে গত ৫ আগস্ট একই গ্রামের মনির, জাকির ও কাজল বিএনপির সাবেক এমপি সহিদুল আলমের পোস্টার লাগাতে গেলে আসামিরা তাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে জখম করে। আহত অবস্থায় মনিরকে প্রথমে বাউফল হাসপাতালে নেয়া হয়। পরে গত ৯ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী শাহিনূর বেগম বাদি হয়ে ১৪ জনকে আসামি করে গত ১১ আগস্ট বাউফল থানায় একটি হত্যা মালা দায়ের করেন। এরপর দ্বিতীয় মামলা করেন নিহত মনিরের শ্যালক জাকির হোসেন। এ মামলা বিষয়ে মোতালেব হাওলাদার বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে।
