টঙ্গীতে অপহূত শিশু উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৪৯
গাজীপুরের টঙ্গীতে অপহরণের তিনদিন পর অপহূত ৬ বছরের শিশুকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় র্যাব তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন খোকন মিয়া, শাহ জামাল হাসান ও মুকুল মিয়া। র্যাব-১ এর অধিনায়ক লে.কর্নেল কিসমত হায়াত্ জানান, গত বৃহস্পতিবার টঙ্গীর মধ্য আউচপাড়ার সফিউদ্দিন একাডেমী রোডের থ্রি স্টার টেইলার্সের সামনে থেকে ৬ বছরের শিশু আসাদুজ্জামান নূরকে অপহরণ করে দৃর্বৃত্তরা। পরে তারা নূরের বাবা এলেম মিয়ার কাছে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে। ঘটনার পর এলেম মিয়া টঙ্গী মডেল থানায় মামলা করেন। বিষয়টি র্যাব-১ এর কাছে অভিযোগ করলে র্যাব জয়দেবপুরের একটি বাড়ি থেকে রবিবার রাতে নূরকে উদ্ধার করে। র্যাব জানায়, খোকন ও হাসান ছিল অপহরণের মূল পরিকল্পনাকারী। তারা নূরকে অপহরণ করার জন্য মুকুলকে রাজি করায়। মুকুল পেশায় একজন দর্জি। ঘটনার দিন মুকুল ভিকটিমকে প্রলোভন দেখিয়ে তার দর্জি দোকান হতে অপহরণ করে শিশুটিকে বাবু ও সুমন-এর হাতে তুলে দেয়। বাবু ও সুমন একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। বাবু, সুমন ও অপর এক মহিলা ভিকটিমকে গাজীপুর হতে নরসিংদীতে নিয়ে যায় এবং সেখান হতে ভিকটিমের পিতা-মাতার নিকট মুক্তিপণের টাকা দাবি করে। পরবর্তীতে গ্রেফতারকৃত খোকন, হাসান ও মুকুল-এর কাছ থেকে র্যাব জানতে পারে যে, শিশুটিকে নরসিংদী থেকে গাজীপুরের জয়দেবপুরে আনা হয়েছে। রবিবার রাতে জয়দেবপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।