বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উজিরপুর উপজেলায় গতকাল সোমবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাইন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
জানা গেছে, এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদলের সভাপতি আহমেদুল কবির বিপ্লব মোল্লা ও তার সমর্থকরা। অন্যদিকে এটি প্রতিহত করার ঘোষণা দেন উপজেলা বিএনপি’র সভাপতি এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু ও সম্পাদক আব্দুল মান্নান মাস্টারের সমর্থকরা।
এ নিয়ে সকাল থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। বিকাল তিনটায় মেয়র আহসান হাবিব কামাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন ইছলাদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে এস সরফুদ্দীন আহম্মেদ সান্টুর সমর্থকরা তাদের অবরুদ্ধ করার চেষ্টা করে। এ সময় উভয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মেয়র কামাল ও শিরিন ঐ এলাকায় প্রায় ২০ মিনিট অবরুদ্ধ ছিলেন। সংঘর্ষের পর বিকালে উজিরপুর বাজারে সংবর্ধনা অনুষ্ঠান হয়।
