খুলনার দিঘলিয়ায় ঈদ মেলা নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৫২
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে ঈদ মেলাকে কেন্দ করে দুই গ্রামের মানুষের সংঘর্ষে নাহিদ হাসান খান (১৬) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নাহিদের মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর যুব গোষ্ঠী স্থানীয় হাইস্কুল মাঠে চার দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করে। ঈদের দ্বিতীয় দিন শনিবার রাত ৮টার দিকে মেলার মাঠে আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে দিঘলিয়া উপজেলা সদরের লোকজনের প্রথমে তর্কবিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বারাকপুর গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা নিয়ে দিঘলিয়া উপজেলা সদরের লোকজনের ওপর হামলা চালায়। দু’পক্ষের সংঘর্ষে দিঘলিয়া উপজেলা সদরের নাহিদ হাসান ও সরদার রবিউল ইসলামসহ উভয়পক্ষের ৮/১০ জন আহত হয়। গুরুতর আহত নাহিদ হাসানকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। নিহত নাহিদ দিঘলিয়া উপজেলা সদরের রফিক আলী খানের ছেলে এবং খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। দিঘলিয়া থানার ওসি রোকনুজ্জামান বলেন, শনিবার রাতে বারাকপুর গ্রামের ঈদ মেলায় প্রতিপক্ষের হামলায় নাহিদসহ বেশ কয়েকজন আহত হয়। নাহিদ চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।