মিসরে যে কোনো সময় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের হটাতে অভিযান চালাতে পারে নিরাপত্তা বাহিনী। সরকারের হুমকি উপেক্ষা করে সমর্থকদের রাস্তায় নামার ডাক দিয়েছে মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। এদিকে মুরসির আটকের মেয়াদ বাড়িয়েছে সরকার। এর ফলে দেশটিতে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি, রয়টার্স ও সিএনএনের।
মুরসির আটকের আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। গতকাল সোমবার সরকার মুরসি সমর্থকদের শিবির ভেঙ্গে ফেলার হুমকি দেয়। সকালে অভিযান চালানোর কথা থাকলেও চালানো হয়নি। তবে যে কোনো সময় চালানো হতে পারে। গতকাল ব্রাদারহুডের এক বিবৃতিতে মুরসির পুনর্বহালে সবাইকে রাস্তায় নেমে আসার আহবান জানানো হয়। আজ মঙ্গলবার লাখ লাখ লোকের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয় বিবৃতিতে।
রবিবার মিসরের নিরাপত্তা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রতিবাদকারীদের ঘিরে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করে তাদেরকে উচ্ছেদ অভিযান চালানো হবে। কিন্তু মুরসি সমর্থকরা অভিযান প্রতিহত করার প্রস্তুতি নিয়েছে। তারা তাদের অবস্থানগুলোর চারপাশে বালির বস্তা ও বড় বড় পাথরের স্তূপ জমিয়ে শিবিরগুলোকে প্রায় দূর্গ বানিয়ে রেখেছে। শিবির রক্ষীরা মাথায় মোটরসাইকেলের হেলমেট পরে হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। এই শিবিরগুলোতে মুরসি সমর্থকদের শিশু সন্তানরাও আছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে শঙ্কা বিরাজ করছে। বর্তমানে কায়রোর দুটি স্থান রাব্বা আল আদাবিয়া মসজিদ চত্বর ও কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে তারা। গত ৩ জুলাই মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর সহিংসতায় প্রায় তিনশ মানুষ নিহত হয়েছে।
