দামুড়হুদায় বিজিবি সদস্যের লাশ উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২৩:০১
জেলার দামুড়হুদা উপজেলায় গতকাল সোমবার দুপুরে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের সদস্য নায়েক আমিরুল ইসলামের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ক্যাম্পের দক্ষিণ দিকের মাঠের এক পাট ক্ষেত থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, মুন্সীপুর বিজিবি ক্যাম্পের নায়েক আমিরুল ইসলাম গতকাল ভোর পৌনে ৫টার সময় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পেট্রল ডিউটিতে যায়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর তার লাশ পাট ক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। সেখানে তার সঙ্গে থাকা অস্ত্রটিও পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। ভারত সীমান্তবর্তী গ্রাম মুন্সীপুর ও কুতুবপুর এলাকার স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে ভারত থেকে অবৈধ উপায়ে আসা বিভিন্ন চোরাচালান সামগ্রীর বড় চালান এ গ্রামগুলোর মাঠ দিয়ে লুকিয়ে বাংলাদেশে আনা হয়। এসব অবৈধ মালামাল নিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্য আমিরুল ইসলাম ধাওয়া করলে চোরাচালানীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।