চট্টগ্রাম-পটিয়া পর্যন্ত ডেমু ট্রেন সার্ভিস চালু করা হবে

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২৩:০২
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল বলেছেন, চট্টগ্রাম-পটিয়া পর্যন্ত ডেমু ট্রেন সার্ভিস এই বছরের মধ্যেই চালু করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে মূল্যবান আধুনিক সরঞ্জাম সম্বলিত ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। চালু করা হয়েছে মাতৃসদন ব্যবস্থা। এছাড়া বি গ্রেডের একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। নানা প্রতিকূলতার মধ্যেও বোয়ালখালীর যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হয়েছে। ঈদ পরবর্তী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গত রবিবার তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কড়লডেঙ্গায় পুলিশ ট্রেনিং সেন্টার (পুলিশ ক্যাম্প) নির্মাণ প্রকল্প ও ১৫ কক্ষ বিশিষ্ট ডাকবাংলার কাজ শীঘ্রই শুরু হবে। কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলার আভ্যন্তরীণ খালের ভাঙনরোধে ৭২ কোটি টাকার প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলছে। ভান্ডালজুড়ি খালে বাঁধ দিয়ে জল বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ, উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রেসক্লাবের নিজস্ব ভবন একইস্থানে করার পরিকল্পনা নেয়া হয়েছে। এসব প্রকল্প ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে বোয়ালখালী একটি উন্নত জনপদে পরিণত হবে। এ সময় বাদলের সহধর্মিণী সেলিনা খান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সৈয়দুল আলম, উপজেলা জাসদের সভাপতি মনছপ আলী, সাধারণ সম্পাদক মনির উদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম সেলিম, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, প্রেসক্লাবের সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।