তাইন্দংয়ে সহিংসতা

পুনর্বাসন ও নিরাপত্তার দাবি জানালেন উপজাতীয়রা

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২৩:০২
মাটিরাঙ্গার তাইন্দং এলাকায় সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছেন উপজাতীয় নেতৃবৃন্দ। গতকাল সোমবার খাগড়াছড়ি জেলা সদরে স্বনির্ভর বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাইন্দং-তবলছড়ি এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ ও বিতরণ কমিটির ব্যানারে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে কিরণ মার্মা ঘটনার পূর্বাপর তথ্য ও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ লিখিতভাবে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এ ঘটনায় ৩৪টি বসতবাড়ী, একটি বৌদ্ধ মন্দির ও একটি দোকান ভস্মিভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬১ লাখ টাকা। তাছাড়া ছয়টি গ্রামের ২৬১টি বাড়িতে হামলাকারীরা ব্যাপক লুটপাট চালায়। এর ফলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৭২ লাখ টাকার বেশি। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, প্রাণভয়ে পালিয়ে যাওয়া পাহাড়ীরা নিজ গ্রামে ফিরে আসলেও তাদের পুনর্বাসনে কোন পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি জরুরী চিকিত্সার ব্যবস্থাও নেয়া হয়নি। সরকার যে ত্রাণ দিয়েছে তা বিশাল মরুভূমিতে কয়েক বিন্দু পানির মতো। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিরাপত্তা, ঘটনার বিচারসহ মোট নয় দফা সুপারিশ তুলে ধরা হয়।