ইত্তেফাক রিপোর্ট
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণ ক্ষমতার মালিক। এটা মুখের কথা না, সংবিধানেই লেখা আছে। আজ সেই জনগণকে কাগুজে মালিক বানিয়ে রাখা হয়েছে। জনগণকে বাস্তবে মালিক হতে হবে, মালিকের ভূমিকায় নামতে হবে। জনগণ যেন সত্যিকার অর্থে মালিক হতে পারেন-গণফোরাম সেই লক্ষ্যে কাজ করছে। এ ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। গতকাল মঙ্গলবার রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের কর্মীসভায় তিনি এই আহ্বান জানান।
ড. কামাল বলেন, মানুষ কার্যকর নেতৃত্ব চাচ্ছে। গণতন্ত্রের অপব্যাখ্যা সম্পর্কে জনগণ জানে। গণতন্ত্রের নামে কী হচ্ছে জনগণ জানেন। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে জনগণকে দেশের মালিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সামনের দিনগুলোতে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে সর্বস্তরের মানুষকে কার্যকরভাবে সংগঠিত করতে গণফোরামের নেতাকর্মীদের কাজ করতে হবে।
দলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, মোক্কাবির খান এমপি, মেজর জেনারেল (অব) আমসা আমিন, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, এম শফিউর রহমান খান বাচ্চু, ফরিদা ইয়াছমীন, মাহমুদ উল্লাহ মধু প্রমুখ।
ড. রেজা কিবরিয়া তার বক্তব্যে দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বিভিন্ন নেতার নাম উল্লেখ করে বলেন, তারা দলকে এতদিন অনেকদূর এগিয়ে নিয়ে এর আদর্শে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন।
