কুলাউড়া-শাহবাজপুর রেলপথটি পরিত্যক্ত

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ১৯:৫২
প্রায় এক যুগ পেরিয়ে গেলেও কুলাউড়ার—শাহবাজপুর রেলপথটি পুনরায় চালুর ব্যাপারে সুস্পষ্ট কোন ইংগিত পাওয়া যাচ্ছে না। রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এলাকা পরিদর্শনে জনমনে আশার আলো দেখা গেলেও বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। অযত্নে অবহেলায় অভিভাবকহীনভাবে বাংলাদেশের “গেইট ওয়ে” নামে খ্যাত এই রেল পথটি সম্পূর্ণ রূপে বিলিন হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই রেলপথটি বন্ধ হয়ে যাওয়ায় মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, দক্ষিণভাগ, কাঠালতলী, বড়লেখা, মুড়াউল, শাহবাজপুর এলাকার ২০ লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নবম জাতীয় সংসদ প্রশ্ন উত্তর পর্বে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহবুদ্দিনের এক প্রশ্নের উ্ত্তরে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আশ্বস্ত করেছিলেন অবিলম্বে কুলাউড়া-শাহবাজপুর রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এই ঘোষণার প্রায় সাড়ে ৪ বছর অতিবাহিত হলেও এই সেকশনে আজ পর্যন্ত উন্নয়নমূলক কাজ শুরু হয়নি। ধাপে ধাপে ৪ বার জরিপ কাজ চালানোর পরও রেল যোগাযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেয়া হয়নি। রেলমন্ত্রীর বক্তব্যের আলোকে রেলওয়ের একটি সূত্র জানিয়েছিল এই রেলপথ মেরামত ও সংস্কারের জন্য ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। দীর্ঘ দিন অব্যয়িত অবস্থায় এই টাকা ফেরত গেছে। পরবর্তীতে জানা যায়, এই রেল পথ সংস্কারের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই রেলপথের পুনর্বাসনের জন্য ১শ ১৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। দীর্ঘদিন যাবত্ কোন পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক রেলপথের দুই পার্শ্বের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা তিনটি উপজেলার লোকজন চরম হতাশায় ভুগছেন। তাদের আশঙ্কা এই বরাদ্দ নাকি বাতিল হয়ে যায়। দীর্ঘদিন যাবত্ পরিত্যক্ত রেল সম্পদের ক্ষতি মারাত্বক আকার ধারণ করছে।