পা হারানো রাসেল পেয়েছে ৫ লাখ টাকা, বাকি টাকা কবে

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:৫৮

ইত্তেফাক রিপোর্ট

বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে পাঁচ লাখ টাকা দিয়েছে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ। অবশিষ্ট ৪৫ লাখ টাকা এক মাসের মধ্যে দেওয়ার উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। আজ বুধবার হাইকোর্টে এ সংক্রান্ত রিটের পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রয়েছে। রাসেল সরকার ইত্তেফাককে জানান, ৫ লাখ টাকার চেক ক্যাশ করা হয়েছে। এছাড়া ওই পরিবহন কর্তৃপক্ষ আমার ডান পায়ের চিকিত্সা  বাবদ প্রায় তিন লাখ টাকা ব্যয় করেছে। তবে বাকি টাকা পাওয়ার বিষয়ে আমি কিছুই বলতে পারছি না।

গত ১০ এপ্রিল ক্ষতিপূরণ বাবদ রাসেল সরকারকে ৫ লাখ টাকার চেক দেয় গ্রীন লাইন পরিবহন। একইসঙ্গে ওই কোম্পানির সময় আবেদন মঞ্জুর করে বাকি ৪৫ লাখ টাকা ৩০ দিনের মধ্যে প্রদানের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। ওইদিন গ্রীন লাইনের মালিক হাজী মো. আলাউদ্দিন আদালতে বলেন, আমি এত টাকা দিতে পারব না। ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করছি। গত মাসে সাড়ে তিন কোটি টাকা ক্ষতি হয়েছে। আদালত বলে, ব্যবসা-বাণিজ্য করছেন সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কঠোর আদেশ দেইনি। কারণ রিটে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে।