দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিক থেকে প্রতিকূলতার মধ্য দিয়ে পার করছে। তবে এর মধ্যেও অর্থনৈতি সূচকগুলো ইতিবাচক রয়েছে। দেশের জিডিপি প্রবৃদ্ধির হার এবং মূল্যস্ফীতির হার সন্তোষজনক রাখা সম্ভব হয়েছে সংকোচনমূলক মুদ্রানীতি ও স্থিতিশীল যোগান পরিস্থিতির কারণে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) অর্থনৈতিক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে।
তবে সামনে দেশের প্রবৃদ্ধির গতি ও মূল্যস্ফীতির হার সহনীয় রাখতে রাজনৈতিক সংঘর্ষ ও সংঘাত বন্ধ করতে হবে বলেই মনে করে এমসিসিআই। বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সংঘর্ষ হলে দেশের জিডিপি প্রবৃদ্ধির গতি বাধাপ্রাপ্ত হবে এবং পণ্যের সরবরাহ চক্রে ছেদ পড়বে। যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিত করার ফলে দেশের রফতানি বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া সামপ্রতিক কিছু ঘটনায় এমনিতেই রফতানি বাণিজ্যের উপর শঙ্কা বাড়ছে। এ অবস্থায় রাজনৈতিক পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্য প্রভাবিত হলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
