ভারতের লোকসভা নির্বাচন

অমিত শাহের রোড শো ঘিরে রণক্ষেত্র কলকাতা

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:৫৯

ইত্তেফাক ডেস্ক ও তারিক হাসান, কলকাতা প্রতিনিধি

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো ঘিরে গতকাল মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতা। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অচল হয়ে পড়ে কলকাতার বড় অংশ। গতকাল বিকেলে অমিত শাহের রোড শো মধ্য কলকাতার শহবিদ মিনার থেকে উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যাওয়ার কথা ছিল। রোড শো কলেজ স্ট্রিটে পৌঁছানোর আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগান দিতে থাকে তারা। অপরদিকে সেখানে হাজির হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরাও। ?

অমিত শাহ যাতে কালো পতাকা দেখতে না পান, সেই জন্য বড় ব্যানার দিয়ে রাস্তার এক পাশ ঢেকে দেওয়ার চেষ্টা করে বিজেপি কর্মী ও সমর্থকরা।  এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর রোড শো থেকে জুতো, পানির বোতল ছোড়ার অভিযোগ ওঠে। এরপরই ব্যারিকেড ভেঙে বিজেপি সমর্থকরা ঢুকে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। শুরু হয় বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। পাল্টাপাল্টি ইট ছোড়াছুড়ি, লাঠি দিয়ে হামলা চালায় দুই পক্ষ। সংঘর্ষের সময় বিদ্যাসাগর কলেজের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। উত্তেজনা দেখে এক পর্যায়ে গাড়ির ভিতরে নেমে যান বিজেপি সভাপতি অমিত শাহ। পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল ছোড়া হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা। বিজেপির অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে ইট-পাটকেল ছোড়া হয়।

ঘটনার প্রতিক্রিয়ায় অমিত শাহ বলেন, ?রোড শোয়ের ওপর দুই ?জায়গায় হামলা হয়েছে। হামলার কারণে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাইনি। এর আগে রোড শোয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করেছে তৃণমূল। এই নির্বাচনে তার জবাব দেবে পশ্চিমবঙ্গের মানুষ।? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দক্ষিণ কলকাতায় এক জনসভায় পাল্টা অভিযোগ করে বলেন,? বিহার, উত্তর প্রদেশ থেকে সন্ত্রাসী এনে রোড শো করেছে বিজেপি। তারাই হামলা চালিয়েছে। চলতি লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।

‘মোদি মোদি’ স্লোগান শুনে গাড়ি থেকে নেমে করমর্দন প্রিয়াঙ্কার

সোমবার থেকেই মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচার শুরু করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল তার গাড়ির বহর যে পথে যাওয়ার কথা ছিল সেখানে আগে থেকেই কয়েকজন মোদি সমর্থক উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কার গাড়ি আসতে দেখেই তারা সমস্বরে ‘মোদি মোদি’ স্লোগান দিতে শুরু করেন। তাদের থেকে সামান্য একটু এগিয়ে প্রিয়াঙ্কার গাড়ি থেমে যায়। গাড়ি থেকে হাসিমুখে হাত বাড়িয়ে নেমে আসেন প্রিয়াঙ্কা। হাসিমুখেই তাদের সঙ্গে করমর্দন করেন। প্রিয়াঙ্কা তাদের বলেন, আপনারা আপনাদের জায়গায়, আমি আমার জায়গায়। তারপর ‘অল দ্য বেস্ট’ বলে গাড়িতে উঠে পড়েন। রাজনীতিকদের অনেকেই বলছেন, রাজনীতিতে সৌজন্য যেন হারাতে বসেছিল। প্রিয়াঙ্কা সেই বিরল সৌজন্যকেই ফিরিয়ে আনলেন ভারতীয় রাজনীতিতে।