ছোটবেলায় অংকটি আমার মনে হয়, আমার মতো সবাই কমবেশি করেছেন। অংকটি এরকম—তৈলাক্ত ১৮ মিটার একটি বাঁশে ওঠার জন্য একটি বানর চেষ্টা করছে। বানরটি প্রতি মিনিটে ৩ মিটার উঠে পরবর্তী মিনিটে ২ মিটার নেমে যায়। বাঁশটির মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? এই বানর আমার শৈশবের বিভীষিকা ছিল। আমি কিছুতেই বানরকে বাঁশের মাথায় তুলতে পারতাম না। অনেকেই এই বানর নিয়ে শৈশবে সমস্যা পড়েছেন। এরকম একটা বানর এখনো আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।
জুলাই ১৫ থেকে জুলাই ১৮—পর পর চারদিন জামায়াতের হরতাল গেলো। যুদ্ধাপরাধীর বিচারের যে রায় দেওয়া হয়েছে তা তাদের পছন্দ হয়নি তাই এ হরতাল। কী অদ্ভুত মগের মুল্লক ! একটি সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চারদিনই হরতাল। এরপরও বাংলাদেশের অর্থনীতি কীভাবে টিকে আছে এটা নিয়ে পণ্ডিত ব্যক্তিরা গবেষণা করতে পারেন। ৪-৪-২০১৩ তারিখে ঢাকা চেম্বার্সের একটি সমীক্ষায় দেখা গেছে, একদিনের হরতালে বাংলাদেশের নিট ক্ষতি ১৬০০ কোটি টাকা। গড়ে প্রতিবছর বাংলাদেশে ৪০টি হরতাল পালিত হয়। অর্থাত্ এক বছরে বাংলাদেশে মোট ক্ষতি ৬৪০০০ কোটি টাকা। যা বাংলাদেশের মোট জিডিপির শতকরা ৬.৫ ভাগ। গার্মেন্টসশিল্প একদিনের হরতালে ৩৬০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। সংখ্যাটি কত ভয়াবহ—রাজনীতিবিদরা কোনোদিন ভেবে দেখেছেন? যুদ্ধাপরাধীর রায় ও তত্ত্বাবধায়ক প্রশ্নে বিএনপি ও জামায়াত গত ফেব্রুয়ারি থেকে ৩২টি হরতাল দিয়েছে। আদালতে নিষ্পন্ন এই দুটি বিষয়ের জন্য হরতাল কেন আদালত অবমাননা হবে না —সেটা আমার কাছে এক বিরাট প্রশ্ন।
হরতাল গণতান্ত্রিক অধিকার। যে কোনো দল তার এই গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে পারে। কিন্তু হরতাল পালন না করাও তো গণতান্ত্রিক অধিকার। হরতালের আগের দিন থেকে নারায়ে তাকবির ডাক দিয়ে গাড়ি-ঘোড়া ভাংচুর করে তারা কী ধরনের গণতন্ত্রের চর্চা করছে তা বোধগম্য নয়। এক সময় হরতাল দেওয়ার আগে রাজনৈতিক দলগুলো কিছু বিষয় বিবেচনা করতো, যেমন : বোর্ডের পরীক্ষা, ধর্মীয় আচার অনুষ্ঠান, জাতীয় ইস্যু ইত্যাদি। কিন্তু এখন পবিত্র রমজান মাসেও হরতাল দেওয়া হচ্ছে। অবশ্য ইতিমধ্যে জামায়াত ১৩ ও ১৪ আগস্ট হরতাল ডাকায় অনেকেই এবার প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে দেশের বাড়িতে যেতে সাহস করেনি।
আসুন এবার একটা অংক করি— বাংলাদেশ প্রতি বছর ৬.৫ ভাগ প্রবৃদ্ধি অর্জন করে, সেখান থেকে ১ ভাগ আমরা হরতালের কারণে নষ্ট করি। এই হরতালে শিক্ষা, সংস্কৃতি, চিকিত্সায়, সেবা খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর সঙ্গে সামপ্রদায়িক চোখ রাঙানি বিদ্যমান। তাহলে আমরা কবে নাগাদ মধ্য আয়ের দেশ হবো ?
ঢাকা
