সময়টা স্মার্টফোন আর ট্যাবলেট পিসির মতো সব মোবাইল ডিভাইসের। আর বিশ্বব্যাপী এখন স্মার্টফোন আর ট্যাবলেট পিসির বাজারে অপারেটিং সিস্টেম হিসেবে রাজত্ব করে যাচ্ছে গুগল’র অ্যান্ড্রয়েড। সময়ের সাথে সাথে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিত্যনতুন আপডেট যুক্ত হয়েই চলেছে। সর্বশেষ অ্যান্ড্রয়েড জেলিবিনেও আপডেট যুক্ত হয়েছে সম্প্রতি। এখন ‘জেলিবিন ৪.৩’-ই হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট সংস্করণ। অন্যান্য আপডেটের মতোই এই আপডেটেও যুক্ত হয়েছে নতুন নতুন সব ফিচার। এর মধ্য থেকে সেরা ৫টি ফিচারের কথা তুলে ধরা হলো এই লেখায়।
রেস্ট্রিক্টেড প্রোফাইল সমর্থন
অ্যান্ড্রয়েডের আগের সংস্করণগুলোতেও একই ডিভাইসে একাধিক ইউজার প্রোফাইল ব্যবহারের সুবিধা ছিল। তবে এই প্রথমবারের মতো এতে যুক্ত হয়েছে ‘রেস্ট্রিক্টেড প্রোফাইল’ সমর্থন। অর্থাত্ এতে এমন প্রোফাইল যুক্ত করা যাবে, যে প্রোফাইলের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছুই অন্য প্রোফাইল থেকে হবে সম্পূর্ণ আলাদা। সাধারণ ইউজারের চাইতে এই প্রোফাইলগুলো হবে ভিন্ন। গুগল’র ভাষ্যমতে, প্রতিটি ‘রেস্ট্রিক্টেড প্রোফাইলে’ থাকবে একদম ভিন্ন থিম এবং স্পেস, যাতে লোকাল স্টোরেজ, হোম স্ক্রিন, উইডগেট, সেটিং সবকিছুই নিজের মতো করে সাজানো যাবে এবং অন্য যে কারও থেকে তা সুরক্ষিত রাখা যাবে। এই প্রোফাইলে কোন অ্যাপ্লিকেশন চালু থাকবে বা থাকবে না, সেটা যেমন নির্ধারণ করা যাবে; তেমনি কেবল এই প্রোফাইলের জন্যও আলাদা করে অ্যাপ্লিকেশন ইন্সটল করা যাবে, যা সাধারণভাবে চলবে না। শিশু বা অতিথিদের হাতে তাই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি পড়লেও আপনার নিজস্ব প্রোফাইলটি সুরক্ষিতই থাকবে। এটি ব্যবহার করে যদি আপনাকে আর্থিক লেনদেনও করতে হয়, সেই তথ্যও তাই এর মাধ্যমে সহজে সুরক্ষিত রাখতে পারবেন।
হাই-পারফরম্যান্স গ্রাফিক্স
উচ্চমানের গ্রাফিক্সের পারফরম্যান্স উপভোগের জন্য হাই কনফিগারেশন হার্ডওয়্যারের প্রয়োজন রয়েছে। তবে এর বাইরেও এই প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থন করবে ওপেনজিএল (ওপেন গ্রাফিক্স লাইব্রেরি) ইএস ৩.০। ফলে বিদ্যমান হার্ডওয়্যার কনফিগারেশন দিয়েই আগের চাইতে ভালো মানের ভিডিও এবং গেমিং গ্রাফিক্স উপভোগ করা যাবে যদি আপনার অ্যান্ড্রয়েডটি আপডেট করা থাকে ৪.৩তে।
ব্লুটুথ
মোবাইল ডিভাইসগুলোর অন্যতম প্রধান একটি অনুষঙ্গ হচ্ছে ব্লুটুথ। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ব্লুটুথ প্রযুক্তিতেও আসছে পরিবর্তন। আর আগামী দিনগুলোতে সাধারণ ব্লুটুথকে বদলে দিতে আসছে ‘ব্লুটুথ স্মার্ট রেডি’। এগুলোকে ডিজাইন করা হয়েছে সেন্সরের আদলে। ফলে একইসাথে ব্লুটুথের মাধ্যমেই একাধিক কাজ সম্পন্ন করা যাবে। নতুন এই ব্লুটুথ প্রযুক্তির পূর্ণাঙ্গ সুবিধা গ্রহণ করা যাবে জেলিবিন ৪.৩-এর মাধ্যমে।
নোটিফিকেশন অ্যাকসেস
ডেভেলপারদের জন্য অত্যন্ত কাজে লাগবে এই ফিচারটি। সাধারণভাবে স্মার্টফোন বা ট্যাবলেট পিসি ব্যবহারকারীরা তাদের সব ধরনের অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন পেয়ে থাকেন হোমস্ক্রিনেই। তবে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপার তার অ্যাপ্লিকেশন ব্যবহারের তথ্য পান না। এই সংস্করণে অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে ডেভেলপার তার তৈরি অ্যাপ্লিকেশন ব্যবহারের তথ্যে অ্যাকসেস করতে পারবে। এই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনের তথ্য পাবে ডেভেলপার। ফলে তার অ্যাপ্লিকেশনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজগুলো সহজ হবে তার জন্য।
ডিজিটাল অধিকার ব্যবস্থাপনা
ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট (ডিআরএম) নিয়ে অনেকেরই অনেক ধরনের বক্তব্য রয়েছে। তবে প্রযুক্তি বিশ্বে এই বিষয়টি স্থায়ী হিসেবেই আসন গেড়ে নিয়েছে। তাই একে অস্বীকার করার কোনো উপায় নেই। ডিআরএমকেই আগের চাইতে অনেক বেশি সহজ করে দিয়েছে অ্যান্ড্রয়েড ৪.৩। এর ফলে ডেভেলপাররা তাদের নিজস্ব স্ট্রিমিং প্রটোকলগুলোতে সহজেই ডিআরএমকে যুক্ত করে দিতে পারবে।
নেক্সাস ৭ এবং ১০-এ ব্যবহার করা হয়েছে এই আপডেট সংস্করণ। দেরি না করে আপনিও আপডেট হয়ে উঠতে পারেন এর সাথে।
