প্রস্তাবিত শিক্ষা আইন পুনর্বিবেচনার দাবি

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৩৮
প্রস্তাবিত শিক্ষা আইনের তীব্র সমালোচনা করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি প্রস্তাবিত আইনের ২৩ (৩), ৮ (৫) এবং ২৩ (১) উপধারার কথা উল্লেখ করে তা বাস্তবতা বিবর্জিত, অসম্পূর্ণ এবং শিক্ষা ও শিক্ষক স্বার্থ পরিপন্থি বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ফি নির্ধারণে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতাকে অযাচিত হস্তক্ষেপ তথা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির দায়িত্বকে খর্ব করার চক্রান্ত বলে মনে করেন তিনি। অন্যদিকে প্রস্তাবিত আইনে শিক্ষার্থী নির্যাতনের অজুহাতে শিক্ষকের জেল-জরিমানার বিধান প্রকৃতপক্ষে শিক্ষক সমাজকে নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে দাবি করেন এই শিক্ষক নেতা।