চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার অন্যতম জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হচ্ছে ‘চিওড়া-ঢালুয়া’ ও ‘আটগ্রাম-শরীফপুর’ সড়ক। দু’টি সড়কে অসংখ্য খানা-খন্দকের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জানা যায়, প্রতিদিন ওই দু’টি সড়কে পণ্যবাহী ট্রাক, লরি, কভার্ডভ্যান, পিকআপ, মাইক্রোবাস ও যাত্রীবাহী সিএনজি বেবি টেক্সিসহ হাজার হাজার গাড়ি চলাচল করে। সড়কগুলো দিয়ে নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামের জনসাধারণ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। বর্ষার শুরুতেই সেগুলোতে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ‘চিওড়া-ঢালুয়া’ সড়কের চিওড়া রাস্তার মাথা, শারমিন প্লাজা, কালাম মার্কেট, চরপাড়া, নোয়াপাড়া, চিওড়া বাজার, কবরুয়া, ধোড়করা বাজার, চিলপাড়া এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ‘আটগ্রাম-শরীফপুর’ সড়কের প্রশস্ত কম হওয়ায় একটি যানবাহন দাঁড়িয়ে অন্যটিকে সাইড দিতে হয়। এছাড়া সড়ক দু’টি দিয়ে লাকসাম-চিনকি আস্তানা ডাবল রেললাইনের কাজের ভারি যন্ত্রপাতি বহনকারী গাড়ি চলাচল করায় সড়কের দু’পাশ ভেঙ্গে পার্শ্ববর্তী জমিতে পড়ে যাচ্ছে।
