ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স

ব্যাটারী না থাকায় ৩ মাস অচল

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৪৭
হস্তান্তরের মাত্র ৫ মাস যেতে না যেতেই বিকল হয়েছে বরিশালের গৌরনদী ফায়ার স্টেশনের নুতন এ্যাম্বুলেন্সটি। ফলে সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো যাচ্ছে না। দীর্ঘ ৩ মাস যাবত্ এটি অচল অবস্থায় পড়ে থাকলেও সচল করার উদ্যোগ নিচ্ছে না কেউ। জানা গেছে, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে গত বছরের ১৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমদ গৌরনদী ফায়ার স্টেশনের জন্য আনুষ্ঠানিকভাবে এ এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। স্থানীয়দের অভিযোগ, এ্যাম্বুলেন্সটি আহত রোগীদের হাসপাতালে পাঠানোর চেয়ে ব্যক্তিগত কাজে বেশি ব্যবহূত হওয়ায় অল্পদিনেই এটি বিকল হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আইনুল হক জানান, এ্যাম্বুরেন্সটি বিকল হয়নি, গত মে মাসে এর ২টি ব্যাটারী নষ্ট হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও অর্থ বরাদ্দ না থাকায় ব্যাটারী কেনা সম্ভব হচ্ছে না।