নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর হামিদ কেন্দুয়া উপজেলার হরিপুর গ্রামের আব্দুর রেজ্জাককে হত্যার অভিযোগে একই গ্রামের আব্দুস ছাত্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ ১২ বছর মামলা চলার পর গতকাল সোমবার এ রায় প্রদান করা হয়। মামলা সূত্রে জানা গেছে, আব্দুস ছাত্তার লেহাজউদ্দিনকে ফাঁসাতে হরিপুর গ্রামের আব্দুর রেজ্জাককে হত্যা করে তার লাশ লেহাজ উদ্দিনের বাড়ির সামনে রাখে এবং সে খুন করেছে বলে লোকজনকে বলাবলি করে। কিন্তু মৃতের মা রাবিয়া খাতুন থানায় ছাত্তারের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে আব্দুস ছাত্তারের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ জজ উভয়পক্ষের সাক্ষ্য-প্রমাণাদি গ্রহণ শেষে উপরোক্ত রায় প্রদান করেন।
