ঘাটাইলের এক ব্যবসায়ী খুন

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৪৯
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আঃ বাছেদ (৪৫) খুন হয়েছেন। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে সাগরদীঘি-গারোবাজার সড়কের বাঁশতৈল নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আঃ বাছেদ ঘাটাইল উপজেলার ফটিয়ামাড়ি গ্রামের মোঃ মোকাদ্দেস আলীর পুত্র। সে সাগরদীঘি বাজারে পাটের তৈরি চট ও বস্তা কেনা-বেচার ব্যবসা করত। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে সাগরদীঘি বাজারে যায়। ঐদিন রাতে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোরে বাছেদের লাশ সাগরদীঘি-গারোবাজার সড়কের পাশে বাঁশতৈল নামক স্থানে চোখ উপড়ে ফেলা অবস্থায় পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। পুলিশের ধারণা- দুর্বৃত্তরা বাছেদকে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। ধামরাইয়ে সংঘর্ষ আহত ১৫ ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ ধামরাইয়ের পাবরাইল গ্রামে কথা কাটাকাটির জের ধরে গত সোমবার দফায় দফায় সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর হোসেন ও সিরাজুল ইসলাম নামের ২ জনকে আটক করেছে বলে জানা গেছে।