মংলা বন্দর কর্তৃপক্ষের পাইলট আবু আবদুল্লাহ’র খামখেয়ালিপনায় পশুর নদীর ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের নির্মাণাধীন জেটি ভেঙ্গে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে জেটির নির্মাণ কাজও বন্ধ হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কোম্পানী মংলা থানায় একটি সাধারণ ডায়রি করার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
ডায়রি সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন সন্ধ্যায় মংলা বন্দর শিল্প এলাকায় এমভি কোবরা ডোর নামক বিদেশি জাহাজ ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানীর নির্মাণাধীন জেটি ও পন্টুনে আঘাত হানে। এতে জেটির ৬টি কাষ্টিং সি টু ফাইল ভেঙ্গে যায় এবং পন্টুনসহ আশপাশের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। জিডিতে বলা হয়েছে, জাহাজটির চালক মংলা বন্দর কর্তৃপক্ষের পাইলট আবু আব্দুল্লাহ’র অবহেলা ও খামখেয়ালিপনার কারণে এ ঘটনা ঘটেছে।
জিডি’র তদন্তকারী পুলিশ কর্মকর্তা মংলা থানার এএসআই মোস্তফা জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুরো তদন্তের পর ক্ষয়ক্ষতি নিরূপণসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে বন্দর কর্তৃপক্ষের পাইলট আবু আবদুল্লাহ সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি দুর্ঘটনার বিষয়ে নিজে অবগত নন দাবি করে বলেন, যদি দুর্ঘটনা ঘটেই থাকে তাহলে তার জন্য ওই জাহাজের ক্যাপ্টেন দায়ী।
