তফসিলের পর ৩ পৌরসভার নির্বাচন স্থগিত, ক্ষোভ

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:০৮
তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তিতে বগুড়ার দুপচাঁচিয়া, রাজশাহীর নওহাটা ও গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি এ তিন পৌরসভা নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে। তফসিলের পর নির্বাচন স্থগিতের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পৌরসভার সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা। গত ৩১ জুলাই দুপচাঁচিয়া, নওহাটা ও শ্রীপুরের পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। ঐ দিনই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল। বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। এ সংক্রান্ত গেজেটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। সূত্র জানায়, গত ৭ আগস্ট বগুড়ার দুপচাঁচিয়া, রাজশাহীর নওহাটাসহ চার পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হবে জানিয়ে এ নির্বাচন স্থগিত করতে ইসিকে অনুরোধ জানিয়ে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১২ আগস্ট সোমবার গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচন স্থগিত করতে আরেকটি চিঠি পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তির কারণে আরও ৬টি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে ইসি। সূত্র জানিয়েছে, পৌরসভা আইন অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এসব নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির কারণে নির্ধারিত সময়ে পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৪ আগস্ট রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে নয় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৫ জুন চার সিটিতে নির্বাচন হলেও বাদ রয়ে যায় নয় পৌরসভা। পৌরসভাগুলো হচ্ছে- মানিকগঞ্জ, চুয়াডাংগা, শরীয়তপুর, রাজশাহীর নওহাটা, বগুড়ার দুপচাঁচিয়া, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, সিলেটের গোলাপগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড। আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ৩২ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ৫ সেপ্টেম্বর চেয়ারম্যান, সংরক্ষিত সাধারণ সদস্য (নারী) ও সাধারণ সদস্য (মেম্বার) পদ শূন্য থাকায় ৩২ ইউনিয়ন পরিষদে আগামী ৫ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ চেয়ারম্যান পদে, দুই সংরক্ষিত সাধারণ সদস্য পদে ও ২৫ সাধারণ ওয়ার্ড সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের এ নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এতে ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের শূন্য ঘোষিত পদসমূহে উপ-নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত সীমানা সংক্রান্ত ও আইনি কোন সমস্যা না থাকলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৫ অনুসারে রিটার্নিং অফিসার নিয়োগ করে গত ৩১ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচনের দিন ধার্য করতে বলা হয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি কমিশনের রয়েছে। স্বল্প সময় প্রচারণার জন্য বরাদ্দ রেখে এসব নির্বাচন সম্পন্ন করা হবে। এ হিসেবে চলতি বা আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। জানা গেছে, চেয়ারম্যান পদে সুনামগঞ্জের সদর উপজেলার মোল্লাপাড়া ইউপি, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউপি, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউপি, একই জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউপিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেটের বালাগঞ্জ উপজেলার উমরপুর ইউপির ৯নং সাধারণ ওয়ার্ড সদস্য, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউপির ৭নং সাধারণ ওয়ার্ড সদস্য, নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউপির ২নং সাধারণ ওয়ার্ড সদস্য, খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি ইউপির ২নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউপির ৬নং সাধারণ ওয়ার্ড সদস্য, গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউপির ৬নং সাধারণ ওয়ার্ড সদস্য, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউপির ৭নং সাধারণ ওয়ার্ড সদস্য, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউপির ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউপির ২নং সাধারণ ওয়ার্ড সদস্য, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ৮নং সাধারণ ওয়ার্ড সদস্য, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউপির ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, সিলেটের জকিগঞ্জ ইউপির ৫নং সাধারণ ওয়ার্ড সদস্য, পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া ইউপির ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামপুর ইউপির ৭নং সাধারণ ওয়ার্ড সদস্য, বাগেরহাটের ফকিরহাট ইউপির ১নং সাধারণ ওয়ার্ড সদস্য, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউপির ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, একই উপজেলার দুর্গাপুর ইউপির ২নং সাধারণ ওয়ার্ড সদস্য, নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউপির ২নং সাধারণ ওয়ার্ড সদস্য, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাড়ভিটা ইউপির ১নং সাধারণ ওয়ার্ড সদস্য, চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম ইউপির ৬নং ও ৮নং সাধারণ ওয়ার্ড সদস্য, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউপির ১নং সাধারণ ওয়ার্ড সদস্য, জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউপির ৪নং সাধারণ ওয়ার্ড সদস্য, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপির ৭নং সাধারণ ওয়ার্ড সদস্য, ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউপির ২নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউপির ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য ও খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউপির ৮নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।