সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহের মো. মোর্তুজা ওরফে এ্যাপোলো বিশ্বাসকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের আলীপুর এলাকার বান্ধবপল্লী থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহসিনুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ্যাপোলোকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ওসি। ওসি আরো জানান, এ্যাপোলো ফরিদপুর কোতোয়ালী থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
প্রসঙ্গত, দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার চার্জশিটভুক্ত ৯ নং আসামি এ্যাপোলো দীর্ঘদিন যাবত্ পলাতক ছিল। গত ২৭ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আদালত এ্যাপোলোসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।
