গত শনিবার রাতে ভাটিয়ারিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশিথা ট্রেনে বাইরে থেকে ছোঁড়া পাথরের আঘাতে প্রকৌশলী প্রীতি দাশের (২৪) মৃত্যুর ঘটনায় আটক যুবক রুবেলকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। এছাড়া এই ঘটনায় তদন্তে গত সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তাদের নিয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তফাজ্জল হোসেন ইত্তেফাককে জানান, এই মর্মান্তিক ঘটনাটির মূল রহস্য উদ্ঘাটনে এবং দোষীদের চিহ্নিত করতে গত সোমবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল শাখার এসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ইনচার্জ) ওয়াহিদুর রহমানকে। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রীতি দাশ নিহত হওয়ার ঘটনার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই ওমর ফারুক মঙ্গলবার জানান, পাথর ছোঁড়ার ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রথমে আটক ও পরে গ্রেফতারকৃত যুবক রুবেলকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহানগর আদালত-২ এ পাঠানো হয়েছে। রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করা হবে। রুবেলকে সোমবার রাতে সীতাকুন্ড উপজেলার কেশবপুর নিজ বাড়ি থেকে আটক করা হয়। সোমবার সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, গত শনিবার রাতে ঈদের ছুটি শেষে ব্যাংকার স্বামী মিন্টু দাশ ও প্রকৌশলী প্রীতি দাশ তূর্ণা-নিশিথায় ঢাকায় ফিরছিলেন। ভাটিয়ারি অতিক্রমকালে বাইরে থেকে ছোঁড়া পাথর জানালার পাশে বসা প্রীতির মাথায় গুরুতর জখম সৃষ্টি করলে তিনি মারা যান।
