মাগুরায় সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৪
মঙ্গলবার সকালে মাগুরায় পৃথক সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৮ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছে। সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। একই সময় মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে অপর এক সংঘর্ষে ৫ জন আহত হয়। এদের মধ্যে দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ৫/৬টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ওসি জানান, মোটরসাইকেলে চড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিষয়টি সোমবার মীমাংসা হয়। তারই জের ধরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।