ডুমুরিয়ায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৪
ডুমুরিয়ায় অবৈধ ক্লিনিকে আবারো এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সদরে ২টি ক্লিনিক, ১টি ডায়াগনস্টিক সেন্টার জরিমানাসহ সিলগালা করেছেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত্ ডুমুরিয়া উপজেলা সদরে মনোয়ারা মার্কেটের দ্বিতল ভবন ভাড়া নিয়ে জনতা (প্রাঃ) হাসপাতাল নামে একটি ক্লিনিক জনৈক মাহাবুবুর রহমান নামের এক ব্যক্তি অবৈধভাবে পরিচালনা করে আসছেন। গত সোমবার সকালে উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (২৮) প্রসব বেদনা নিয়ে উক্ত ক্লিনিকে ভর্তি হন। গতকাল মঙ্গলবার সকালে তাকে অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচারের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠান হলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। নিহতের পারিবারিক সূত্র জানায়, ক্লিনিকে ভর্তি হওয়ার সময় তার শরীরে যথেষ্ট রক্ত স্বল্পতা ছিল। একথা ক্লিনিক মালিক মাহাবুবুর রহমানকে জানালে তিনি বলেন, কোন অসুবিধা হবে না। এরপর রাতেই রোগীর শরীরে এক ব্যাগ রক্ত দেয়া হয়। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ডাক্তার আসিফ কায়সারকে এনে অস্ত্রপচার করা হয়। এরপর তার মৃত্যু ঘটে।