আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনের পরই শুরু হয়েছে এই জল্পনা-কল্পনা—এই নয় জন আসলে কারা?
প্রথমত একজনের নাম নিশ্চিত করেই সবাই বলতে পারছেন, মোহাম্মদ আশরাফুল। তিনি নিজেই স্বীকার করেছেন, আইসিসির অভিযোগসহ চিঠি পেয়েছেন তিনি। এ ছাড়া বাকি আট জনের কোনো ঠিকুজি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। আইসিসি বারবার বলেছে, তারা কারো নাম বলবে না। এমনকি তারা সবাই দেশি, নাকি কেউ কেউ বিদেশি; সেটাও প্রকাশ করলো না আইসিসি।
তারপরও আরো দুই জন সাবেক-বর্তমান খেলোয়াড়ের নাম সংবাদ সম্মেলনের আগেই জানা গেছে। যে হোটেলে আইসিসির কর্মকর্তারা ছিলেন, সেখানেই সকাল থেকে দুপুরের মধ্যে এসেছিলেন সাবেক জাতীয় তারকা মোহাম্মদ রফিক এবং খুলনা রয়্যাল বেঙ্গলসের খেলোয়াড় মোহাম্মদ মিঠুন।
রফিকের নাম আগে থেকেই আলোচনায় ছিল। তাই তিনি এই নয় জনের মধ্যে আছেন, এমন অনুমান করা যায়; কিন্তু মোহাম্মদ মিঠুনের নাম আগে-পরে শোনা যায়নি। এ ছাড়া একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী ও তার ছেলে শিহাব চৌধুরীও আছেন এই নয় জনের মধ্যে।
আগে আলোচনায় ছিলেন আরো দুই ক্রিকেটার—মাহবুবুল আলম রবিন ও মোশাররফ হোসেন। এই দুই জন চিঠি পেয়েছেন কি না- জানা যায়নি। তবে এটুকু জানা যায় যে, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফররত স্কোয়াডের ভেতর থেকে জনা দুয়েক খেলোয়াড় আছেন এই নয় জনের তালিকায়। এ ছাড়া নিউজিল্যান্ডের এক তারকা ক্রিকেটারের নামও শোনা যাচ্ছে।
