ভুল ফোন কলই কাল হলো তিন অপহরণকারীর। অর্থ হাতিয়ে আনতে গিয়ে উল্টো নিজেরাই গেলেন শ্রীঘরে। ঘটনাটি বললে হয়তো সিনেমার কাহিনী মনে হবে। কিন্তু এটা বাস্তব ঘটনা। আর এই ঘটনা ঘটেছে ভারতের শিয়ালদহে। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানায়, কয়েকদিন আগে সংবাদপত্রে ‘কিডনি চাই’ আবেদন করে একটি বিজ্ঞাপন দেয়া হয়েছিল। সঙ্গে একটি ফোন নম্বরও দেয়া হয়। বিজ্ঞাপনদাতাকে যথেষ্ট ধনী বলে মনে করে তিন অপহরণকারী। বিজ্ঞাপনে দেয়া নম্বরে ফোন করে তাকে কিডনি যোগাড় করে দেয়ার টোপ দেয় অপহরণকারীরা। বলা হয়, রবিবার রাত নয়টায় ইএম বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্কের সামনে আসতে। কিন্তু কী করে বিজ্ঞাপনদাতাকে চিনবে অপহরণকারীরা? বলা হয়, ঘটনাস্থলে পৌঁছে ওই নম্বরে ফোন করা হবে। ফোন বেজে উঠলেই চেনা যাবে বিজ্ঞাপনদাতাকে।
অপহরণকারীরা সময় মতোই পার্কে পৌঁছায়। জায়গাটা একটু ফাঁকা হতেই ফোন করা হয় ওই নম্বরে। পুলিশের দাবি, যে সময়ে বিজ্ঞাপনদাতাকে ফোন করা হয়, ঠিক তখনই ওইখানে হাজির থাকা অন্য এক যুবকের ফোনও বেজে ওঠে। সেই যুবককেই বিজ্ঞাপনদাতা বলে ভেবে নেয় অপহরণকারীরা। কিছু বোঝার আগেই জোর করে তাকে ট্যাক্সিতে তুলে নেয়া হয়। পরে অপহরণের দায়ে সৌগত ঘোষ, সনাতন হালদার এবং সৌরভ দে কে গ্রেফতার করে পুলিশ।
