তিস্তা ও সীমান্ত চুক্তির পক্ষে মত বরুণ গান্ধীর

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৬
ভারতের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরোধিতার কারণে ভারত সরকার পার্লামেন্টে ছিটমহল বিনিময়ের বিল তুলতে গিয়ে দ্বিতীয় দফায় পিছু হটলেও এ চুক্তি কার্যকরের পক্ষে মত দিয়েছেন লোকসভায় দলটির সংসদ সদস্য বরুণ গান্ধী। গতকাল মঙ্গলবার ভারতের বহুল প্রচারিত পত্রিকা টাইমস অব ইন্ডিয়ায় লেখা একটি প্রবন্ধে বরুণ গান্ধী এই মত প্রকাশ করেন। ‘ফরেন পলিসি ব্লান্ডার অ্যান্ড ইনকানসিসটানসিয়েস আর ডেস্টাবিলাইজিং ইন্ডিয়াস সিকিউরিটি, বিট বাই বিট’ শীর্ষক ওই প্রবন্ধে বরুণ গান্ধী লিখেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী একটি সরকার বাংলাদেশে আসলেও সম্পর্কোন্নয়নের সুযোগ হাতছাড়া করছে ভারত। বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি কার্যকর এবং তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্ব দেন তিনি। রাহুল গান্ধীর চাচাতো ভাই বরুণ গান্ধী বাংলাদেশের ভারতবিদ্বেষী ইসলামপন্থীদের এবং এদেশ থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর আগে বিজেপি ঘনিষ্ঠ সাবেক সেনা কর্মকর্তা শ্রীনিবাস কুমার সিনহার পর তিনি বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহার পক্ষে অবস্থান জানান। ১৯৭৪ সালে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি এবং এর আওতায় ২০১১ সালে স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়নের জন্য ভারতের সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু বিল পাসের জন্য পার্লামেন্টের উভয় কক্ষে যে সংখ্যাগরিষ্ঠতা দরকার হয় তা কংগ্রেস নেতৃত্বাধীস ইউপিএ সরকারের নেই। গত সোমবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি আলোচ্যসূচিতে থাকলেও বিজেপির সমর্থন না পাওয়ায় তা উত্থাপনে বিরত থাকেন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। বিজেপির শীর্ষ নেতৃত্ব বিলটি পাস করাতে চায় না। নির্বাচন সামনে রেখে দলটির আসাম শাখার চরম বিরোধিতার কারণে সীমান্ত চুক্তি বাস্তবায়নে তাদের এই অনীহা বলেই ধারণা করা হচ্ছে।