জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল ৩৬ ঘন্টায় কমিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়। এদিকে বিচ্ছিন্ন দু-একটি সহিংস ঘটনা ছাড়া জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন গতকাল রাজধানীতে স্বাভাবিকভাবেই অতিবাহিত হয়। দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে এ হরতাল ডাকে জামায়াত।
রাজধানীতে গতকাল যান চলাচল ছিলো অনেকটাই স্বাভাবিক। বিমান, ট্রেন ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। তবে ঢাকা থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। হরতালের পক্ষে কোন পিকেটিং ছিলো না। শাহবাগ এলাকায় হরতালের বিপক্ষে মিছিল বের করা হয়।
পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় জনমনে আতংক সৃষ্টির লক্ষ্যে গাড়ি ভাংচুরের চেষ্টাকালে গোলাম আযম (২২) ও আক্তারুজ্জামান (২৩) নামে দুই শিবির কর্মীকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ। আজিমপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল চলাকালে ব্যানারসহ মো. আনাছ কামাল (২১) নামে একজনকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। এছাড়া নিউ পল্টন এলাকা থেকে আলাউদ্দিন (২৫) ও বিল্লাল হোসেন (২০) নামে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায় ৬ মাস করে কারাদণ্ড দেন।
গতকাল কল্যাণপুরে সহিংস ঘটনা ঘটে। সেখানে পুলিশের গুলিতে আহত হয় চারজন। তাদের মধ্যে দু’জন পথচারী আর দু’জন শিবির নেতা- ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন (২৪) ও অর্থ সম্পাদক বিপ্লব (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে কল্যাণপুর সোহরাব পেট্রোলপাম্পের সামনে মিছিল বের করে শিবির মহানগর (পশ্চিম) শাখার কর্মীরা। এ সময় পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তারা। শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি গুলি ছুঁড়লে ৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যায়। একই সময়ে মিরপুর-১০ নম্বর এবং পল্লবীতে মিছিল করে জামায়াত-শিবির।
তবে মতিঝিল, পুরানা পল্টন ও মগবাজারের চিত্র ছিলো একেবারেই ভিন্ন। জোটগত কিংবা এককভাবে জামায়াত হরতাল কর্মসূচি দিলে অন্যান্য সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকদের বিচরণ থাকে দলের কেন্দ্রীয় ও মহানগর অফিসের আশেপাশে। এছাড়া কাকরাইল থেকে শান্তিনগর হয়ে মালিবাগে চলে পিকেটিং। কিন্তু গতকাল এসবের কিছুই ছিলো না। তাছাড়া নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জামায়াত-শিবির পিকেটিং করলেও গতকাল সে স্থানটি ছিলো কার্যত ফাঁকা।
সকালের দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় জামায়াত-শিবির হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতি নিয়েছে- এমন খবর পেয়ে সাংবাদিকরা সেখানে জড়ো হন। কিন্তু শেষ পর্যন্ত জামায়াত-শিবির কর্মীরা আর রাস্তায় নামেনি। পুরানা পল্টনে জামায়াতের মহানগর কার্যালয়ের প্রধান ফটক বরাবরের মতো বন্ধ ছিলো। একই চিত্র দেখা গেছে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে। জামায়াত-শিবির যে কোন কর্মসূচিতে মালিবাগ রেল গেট থেকে রামপুরা সড়কে বেশি উত্তাপ ছাড়াতো। গতকাল সারদিনে এই সড়কে কোন পিকেটিং বা মিছিল দেখা যায়নি। ওই সব এলাকায় র্যাবের টহল ছাড়াও পুলিশের নজরদারি ছিলো চোখে পড়ার মতো।
সরকারের জুলুম বাড়ছে:জামায়াতের বিবৃতি
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে দেশব্যাপী লাগাতার ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন সর্বাত্মকভাবে পালন করায় দেশবাসীকে মুবারকবাদ জানিয়ে বলেছেন, দিন যত যাচ্ছে সরকারের জুলুম নির্যাতন ততই বাড়ছে। হরতালের প্রথম দিন পুলিশ ও র্যাব জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. তসলিম উদ্দিন ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শাহজাহানসহ সারাদেশে প্রায় দুইশতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। হরতালের সমর্থনে মিছিলে পুলিশ হামলা চালিয়ে শতাধিক নেতা-কর্মীকে আহত এবং ভ্রাম্যমান আদালত ছয় জনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি এমরান হোসেনের বাড়িসহ আটটি বাড়িতে সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও লুটপাট করেছে।
