জেসমিনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৮
হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। উল্লেখ্য, প্রতি মাসে ১০০ কোটি টাকা ঋণ ফেরত প্রদানের শর্তে জেসমিনকে গত ৪ আগস্ট জামিন দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। এই জামিন বাতিল চেয়ে আবেদন করে দুদক। আবেদনে বলা হয়েছে, জেসমিন ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে মামলাটি তদন্তাধীন। এ পর্যায়ে তাকে জামিন দেয়াটা ঠিক হয়নি। তাই জামিন বাতিল করা হোক। গত ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনকে আসামি করে ১১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা পরস্পর যোগসাজশে আত্মসাত্ করার অভিযোগ আনা হয়। এর আগে ৭ ফেব্রুয়ারি জেসমিনকে জামিন দেয় ওই আদালত। এ জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। পরে হাইকোর্টের নির্দেশ সাপেক্ষে জেসমিনের জামিন বাতিল করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।