সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি গোলাম মাওলা রনির ছয় ক্যাডারের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদি হয়ে গত সোমবার রাতে মামলাটি করেন। মামলায় এমপি রনির অনুসারী মো. ফিরোজের নাম উল্লে¬খ করে ৬ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, রবিবার রাত দশটার দিকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. শাহজাহান মিয়া, সহ-সভাপতি সন্তোষ কুমার দে ও তিনি দলীয় কার্যালয় থেকে তাদের বাসায় ফিরছিলেন। তারা রূপনগর এলাকার মো. মালেক মিয়ার বাসার কাছে পৌঁছলে এমপি রনির ক্যাডার ফিরোজসহ ৬ জন তাদের পথরোধ করে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আসামিরা তার কাছ থেকে নগদ ২৭ হাজার ৫০০ টাকা এবং সন্তোষ কুমার দের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গলাচিপা থানার ওসি এস.এম জিয়াউল হক জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, মামলার প্রধান আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য বহনের অভিযোগে এর আগেও মামলা হয়েছে। ওই মামলায় বর্তমানে সে জামিনে রয়েছে।
