বরিশালে লঞ্চের ধাক্কায় পন্টুন ক্ষতিগ্রস্ত

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৫৩
যাত্রীবাহি লঞ্চ এমভি সুরভী-৮ এর ধাক্কায় গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আধুনিক নৌ-বন্দরের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পন্টুনে থাকা এমভি টিপু-৭ নামের লঞ্চটিও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে এসে এমভি টিপু-৭ তিন নম্বর পন্টুনে যাত্রী নামিয়ে অপেক্ষায় ছিল। সকাল ছয়টার দিকে এমভি সুরভী-৮ পন্টুনে ভিড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এমভি টিপু-৭ এর পেছনে ধাক্কা দেয়। ক্ষতিগ্রস্ত লঞ্চটির ম্যানেজার আজিজুল হক মিরাজ জানান, তাদের লঞ্চের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ কারণে মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিআইডব্লিটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান, লঞ্চের ধাক্কায় পন্টুনের একটি অংশ দুমড়ে মুচড়ে গেছে। তবে এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। এ বিষয়ে সুরভী লঞ্চের মালিক রিয়াজ উল কবির জানান, ক্ষতিপূরণ দিয়ে তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন।