বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম. ইলিয়াস আলী জীবিত ও তিনি ভারতের একটি কারাগারে আছেন এমন সংবাদে গতকাল সিলেট বিভাগের সর্বত্র বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনভর এ খবরের সত্যতা জানার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম ও মিডিয়া কর্মীদের মোবাইলে ফোন করা হয়। তারা প্রশ্ন করেন- ইলিয়াস আলী কি জীবিত?
এব্যাপারে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লোনা গতকাল বিকালে ইত্তেফাককে জানান, তাদের নিকট এ ধরনের কোন খবর নেই। এ সম্পর্কিত বিভিন্ন অন লাইনে প্রচারিত খবরটি তিনি তখন পর্যন্ত (৫.৩২মি.) পড়েননি। তবে শুনেছেন এবং তিনি লন্ডনে আসকির আলীর সাথে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানান।
এদিকে এম. ইলিয়াসের এমন সংবাদে গতকাল ইলিয়াস আলীর রামধানা গ্রামের বাড়িতে বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেন। মঙ্গলবার চ্যানেল আই- লন্ডনের স্ট্রেইট ডায়ালগের অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে ইলিয়াস আলীর ছোট ভাই আসকির আলী বলেন, তাদের কাছে বিভিন্ন সূত্র থেকে যে তথ্য এসেছে, তাতে তাদের দৃঢ় বিশ্বাস ইলিয়াস আলী এখানো জীবিত আছেন। তাকে ভারতের দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দী করে রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন। লাইভ প্রোগ্রামে আসকির আলী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ দাবি করায় সিলেটের নেতা-কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
১৬ মাস আগে ঢাকা থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীসহ কে বা করা ‘গুম’ করেছে-তার রহস্য আজো উদ্ধার হয়নি।
