দেশের মুদ্রণ শিল্প খাতে উত্পাদন ক্ষমতা ও গুণগত মানসম্পন্ন পণ্যের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত অবকাঠামোসহ একটি পরিবেশবান্ধব ‘বিসিক মুদ্রণ শিল্প এলাকা’ স্থাপন করা হবে। এটি স্থাপন করা হলে ৪১৯টি শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে প্রত্যক্ষভাবে প্রায় ১৭ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (বিএমএসএস) মধ্যে গতকাল বুধবার এ বিষয়ে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রাজধানী থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী ২ নং ধলেশ্বরী সেতুর কাছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বরবর্তা এলাকায় ৫০ একর জমিতে এই এস্টেট স্থাপন করা হবে। এখানে আনুষঙ্গিক অবকাঠামোগত সুবিধাসহ চার ধরনের ৪১৯টি শিল্প প্লট তৈরি হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৮৭ কোটি ৩৫ লক্ষ টাকা। সরকার প্রকল্পটি অনুমোদনের পর মোট প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ মুদ্রণ শিল্প সমিতি প্রদান করবে। সরকারের পক্ষে বিসিক এবং মুদ্রণ শিল্প সমিতি কর্তৃক প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়িত হবে। এর বাস্তবায়ন সময় হবে ৪ বছর।
মুদ্রণ শিল্প সংশ্লিষ্টদের হিসেবে দেশে বর্তমানে প্রায় সাড়ে ৫ হাজার মুদ্রণ শিল্প-কারখানা রয়েছে। এর প্রায় অর্ধেক কারখানাই ঢাকায় অবস্থিত। এই শিল্পখাতে প্রায় ৪ লাখ কর্মী নিয়োজিত। সরকারের জাতীয় শিল্পনীতিতে এই খাত সেবা শিল্পখাত হিসেবে অন্তর্ভুক্ত।
বিসিকের পক্ষে পরিচালক (পরিকল্পনা) রমা রাণী রায় এবং বিএমএসএস পক্ষে সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত এতে স্বাক্ষর করেন।
এ উপলক্ষে বিসিক প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিএমএসএস-এর নেতৃবৃন্দসহ বিসিকের পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
